আবার আসিব ফিরে - জীবনানন্দ দাস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে -এই বাংলায়  
 হয়তো মানুষ নয় -হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;  
 হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে  
 কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়;  
 হয়তো বা হাঁস হব -কিশোরীর -ঘুঙুর রহিবে লাল পায়,  
 সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে-ভেসে;  
 আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে  
 জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;  
  
 হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;  
 হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;  
 হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;  
 রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে  
 ডিঙা রায় -রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে  
 দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।
  
====== 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url